রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে একটি ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১টা ১ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীত পাশে শ্যামলীমুখী সড়কের ধারে ‘অনুরাগ ফার্মেসি’র সামনের পুরু কাচে দুটি গুলি লাগে। কাচ আংশিক ভেঙে যায়। পুলিশ ও প্রতিষ্ঠানের কর্মীরা জানান, এতে কেউ হতাহত হননি।
ফার্মেসির বিক্রয়কর্মী মইন উদ্দিন বলেন, তখন একজন ক্রেতাকে ওষুধ দেওয়া হচ্ছিল। প্রথম গুলিতে কাচ ভাঙার পরই আরেকটি গুলি তাঁর মাথার পাশ দিয়ে চলে যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, হেলমেট পরা দুই ব্যক্তি গুলি করে স্বাভাবিকভাবেই হেঁটে চলে যাচ্ছিলেন। কয়েকজন কর্মী ও পথচারী ধাওয়া করলে তাঁদের একজন বড় রামদা বের করে ভয় দেখান। পরে হামলাকারী দুজনসহ তিনজন একটি মোটরসাইকেলে চড়ে মূল সড়ক ধরে পালিয়ে যান। আশপাশের একাধিক প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধরা পড়েছে।
মইন উদ্দিনের অভিযোগ, ঘটনার পরপর জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও প্রায় আধা ঘণ্টা পর থানার একটি দল ঘটনাস্থলে আসে; অথচ পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয় ফার্মেসি থেকে প্রায় ৫০০ মিটার দূরে।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানের মালিক সৈয়দ হাসান নুর ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি আওয়ামী লীগ-সমর্থিত ছিলেন এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি হিসেবে পলাতক। ওই কর্মকর্তার ভাষ্য, মালিক পলাতক থাকলেও ব্যবসা চলছে; সেই সুযোগ নিতে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ বা অন্য কোনো পক্ষ হামলা চালিয়ে থাকতে পারে। তবে একাধিক সম্ভাব্য কারণ বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
মোবাইল ফোনে নুর ইসলাম জানান, ৬ নভেম্বর একটি নম্বর থেকে ফোন করে ‘কিলার বাদল’ ও ‘কিলার পাপ্পু’র নাম ভাঙিয়ে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। টাকা না দিলে প্রতিষ্ঠানে গুলি, ভাঙচুর ও আগুন দেওয়ার হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, চাঁদা দাবির আগের দিন ৫ নভেম্বর এবং ৭ নভেম্বর প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ হয়, যাতে কয়েকজন পথচারী আহত হন। তিনি আরও বলেন, কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতা নেই। গুলির ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা বলেন, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।