আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে অপ্রতীম হত্যা: মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলার তদন্তের দায়িত্বে পরিবর্তন এনেছেন পুলিশ সুপার।
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এখন থেকে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ এই মামলার তদন্ত করবেন।
নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জানিয়েছেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে তদন্তের দায়িত্ব দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। মামলার নথিপত্র পাওয়ার পর তিনি দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের চেষ্টা করবেন। এর আগে মামলাটির তদন্ত করছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম বলেন, মামলাটির তদন্তের দায়িত্ব এখন পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদকে দেওয়া হয়েছে। এক-দুই দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র তার কাছে হস্তান্তর করা হবে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লার লালমাই পাহাড়সংলগ্ন এলাকায় অপ্রতীমকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তুহিন, ফাহাদ ও কামরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে, ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।