শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ইসলামাবাদে স্পিকার: ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার বাংলাদেশও, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে দেশটি

পাকিস্তান সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানকার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, পাকিস্তানের মতো বাংলাদেশও ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পার্লামেন্ট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক ফেডারেল মন্ত্রী আতা উল্লাহ তারার। অনুষ্ঠানে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও অংশ নেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত থেকে বাংলাদেশে ৫০টির বেশি বড় ও ছোট নদী প্রবেশ করেছে, কিন্তু এসব নদীর পানির স্বাভাবিক ও নির্বিঘ্ন প্রবাহ বাধাগ্রস্ত করতে দেশটি ক্রমাগত ব্যারাজ নির্মাণ করছে। তাঁর অভিযোগ, ভারত বাংলাদেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে মরুভূমিতে পরিণত করতে চায়। কয়েকটি নদীর উৎপত্তি চীনে হলেও ভারত বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

স্পিকারের ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত। তিনি আরও অভিযোগ করেন, হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল।

আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসন নিয়েও কথা বলেন স্পিকার। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ ও ‘গুন্ডাদের’ সংগঠন বলে আখ্যা দেন। তাঁর ভাষ্য, দলটির কার্যক্রম নিষিদ্ধ করা না হলেও জনদাবির পরিপ্রেক্ষিতে তা সীমিত করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষ স্বৈরশাসন মেনে নেয় না এবং মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা।

এর আগে ২৬ নভেম্বর স্পিকার পাকিস্তানে আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিস্থল পরিদর্শন করেন।