দেশে গত পাঁচ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ কমেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, এই সময়ে উৎপাদন ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন থেকে কমে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী গত পাঁচ অর্থবছরের উৎপাদনের চিত্র তুলে ধরেন। তাঁর হিসাবে, ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন, যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে দাঁড়ায়। পরের দুই অর্থবছরে উৎপাদন কমে ২০২৩-২৪ সালে হয় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন এবং ২০২৪-২৫ সালে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন প্রাক্কলন করা হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে এবং একক প্রজাতি হিসেবে এর অবদান সবচেয়ে বেশি। উৎপাদন বাড়াতে মেঘনার ঊর্ধ্বাঞ্চল ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ নদীতে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। মা ইলিশ আহরণ নিষিদ্ধ ২২ দিনে ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। জাটকা আহরণ থেকে বিরত থাকা ৩ লাখ ৬৭ হাজার পরিবারকে ২০২৫-২৬ অর্থবছরে চার মাস মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ মেট্রিক টন সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, জেলেদের বিকল্প কর্মসংস্থানে ২৬ হাজার ১৭৬টি পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে এবং ১৭ হাজার ৫০০ জেলেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাজারদর প্রসঙ্গে তিনি বলেন, মাছের খুচরা দাম নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি কোনো ভূমিকা নেই; তবে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইলিশ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলছে।