সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলার পুনঃতদন্ত করবে সিআইডি

পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি মঞ্জুর করে ঢাকার আদালত ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে করা মামলার পুনঃতদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত রোববার এ আদেশ দেন।

মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তাঁর পক্ষের নারাজি আবেদন মঞ্জুর করে আদালত এ নির্দেশ দেন। সিআইডিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা এসব তথ্য জানান।

তিনি জানান, চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজির শুনানি এবং সাক্ষীদের বক্তব্য নেওয়ার পর আদালত অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন। এর আগে গত ২৫ মে পিবিআইয়ের একজন উপপরিদর্শক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’ উল্লেখ করে তাঁকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল।

মামলাটি হয় ২০২৫ সালের ২৭ নভেম্বর। আদালত তা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সেখান থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন তানজিন তিশা। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ফেসবুক মেসেঞ্জারে শাড়ি ফেরত চাইলে তানজিন তিশা বাদীকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার অনুষ্ঠানে দেখা হলে আবার শাড়ি ফেরত চাওয়া হয়, কিন্তু তখনো ফেরত দেওয়া হয়নি। এসব অভিযোগ এখনো তদন্তাধীন এবং কেউ দোষী সাব্যস্ত হননি।