বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

উচ্চশিক্ষার জন্য আলাদা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির, ভাবনা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুবিধা কাজে লাগানোর

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ইউজিসি চেয়ারম্যান দুই বছরে প্রায় ১৮০ বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার কথাও বলেন।

উচ্চশিক্ষার সুযোগের বৈষম্য কমাতে আলাদা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে এ উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা ভাবছে সংস্থাটি।

বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার সুযোগ ও একাডেমিক কার্যক্রমে বৈষম্য রয়েছে; কোনো বিশ্ববিদ্যালয় শহরে, আবার কোনোটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বাড়াতে উচ্চশিক্ষার জন্য আলাদা টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা রয়েছে।

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রায় ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। তাঁর ভাষ্য, বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ইন্টারনেট, ডিজিটাল শ্রেণিকক্ষ ও ডিজিটাল ক্যাম্পাসের প্রয়োজনীয় সুবিধা গড়ে তোলা হবে। এতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ, যৌথ গবেষণা ও সহযোগিতার সুযোগ বাড়বে এবং বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক ও গবেষকদেরও দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ও অনলাইন প্রযুক্তির বিকাশ প্রচলিত শিক্ষাব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ ঘরে বসেই শিক্ষার সুযোগ পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি ও অবকাঠামো যুগোপযোগী করতে ইউজিসি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে কাজ করতে হবে।