রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সোমবার (২৩ নভেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে গোদাগাড়ী মডেল থানার একটি দল। গ্রেপ্তার জিয়াউর রহমান উপজেলার স্লুইসগেট এলাকার শাহজাহান আলীর ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনারের একটি মামলায় আদালত জিয়াউর রহমানকে নয় মাসের কারাদণ্ড এবং ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
চেক ডিজঅনার মামলা সাধারণত ব্যাংকে চেক জমা দিয়ে অর্থ না পাওয়ার অভিযোগে হয়ে থাকে। পরোয়ানা অনুযায়ী আদালতের আদেশ কার্যকর করতেই এই অভিযান বলে জানিয়েছেন ওসি।