জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শেষে সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনাকালে জাতিসংঘ সাধারণ পরিষদকে সরকারগুলোর মধ্যে যোগাযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বশীল বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়। সের্গেই লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে খলিলুর রহমানের সাফল্য কামনা করেন।
এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘের কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।