শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পোশাক খাতের অস্থিরতার সন্দেহে জব্দ করা ব্যাংক হিসাব অবমুক্ত করছে এনবিআর, রাজনীতিতে জড়িত নন এমন মালিকদের হিসাবও চালু

ব্যবসায়ীদের উদ্বেগ ও সমালোচনার মুখে উদ্যোগ; তবে পাঁচ বছরের লেনদেনের তথ্য চাওয়ার প্রক্রিয়া চলায় হয়রানি পুরোপুরি কাটেনি বলছেন কেউ কেউ।

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বিভিন্ন প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাব অবমুক্ত করতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে যাঁরা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, তাঁদের ব্যাংক হিসাবও অবমুক্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের উদ্বেগ ও সমালোচনার মুখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পোশাক খাতের কয়েকজন ভুক্তভোগী মালিক জানিয়েছেন, হিসাব অবমুক্ত হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে কেউ কেউ বলছেন, হয়রানি পুরোপুরি দূর হয়নি। কারণ, হিসাব জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। হিসাব অবমুক্ত হলেও সেই প্রক্রিয়া চলছে। হিসাব জব্দের কারণে ঋণপত্র খোলা ও অনুমোদিত ঋণসীমা ব্যবহারের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে কিছুটা অস্বস্তিও দেখা দিয়েছিল।

মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে গত অক্টোবর থেকে শ্রমিক আন্দোলন চলছে। শ্রমিকদের আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। এরপরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি; বৃহস্পতিবারও সাভারের আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ২০৪টি কারখানার উৎপাদন ব্যাহত হয়।

অক্টোবরের শেষ দিকে শ্রমিক বিক্ষোভ তীব্র হলে এর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৪ নভেম্বর পোশাক খাতের দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর। এর মধ্যে প্রায় ১০০ ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের তালিকায় ছিলেন ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান; এর মধ্যে ৬৭ জন ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানগুলো সাতটি শিল্প গ্রুপের। ৬৭ ব্যবসায়ীর মধ্যে ছয়জন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়কার সংসদ সদস্য, দুজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদে ছিলেন।

তালিকায় ইতিবাচক ভাবমূর্তির বেশ কিছু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের নাম থাকায় ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা ও উদ্বেগ দেখা দেয়। পোশাক খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিজিএমইএর নেতারা সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে বলেন, হিসাব জব্দ থাকলে শ্রমিকের মজুরি পরিশোধসহ রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এরপর সরকার কিছুটা নমনীয় হয়। ইতিমধ্যে শেল্‌টেক্‌ গ্রুপ ও এনভয় লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও তাঁর মায়ের ব্যাংক হিসাব অবমুক্ত করা হয়েছে। তানভীর আহমেদ বলেন, ‘আমাদের ব্যাংক হিসাব সচল হয়েছে।’