শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ব্যাংকে আস্থার সংকট: তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি ২৪.৫ শতাংশ বেড়ে ২ হাজার ৪৮৯ কোটি টাকা

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে।

ব্যাংক খাতের প্রতি আস্থার সংকট, আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং তুলনামূলক বেশি মুনাফার আশায় আবারও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন সাধারণ আমানতকারীরা। এতে বাড়ছে সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ১৮ কোটি ১৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে নিট বিক্রি বেড়েছে প্রায় ২৪ দশমিক ৫ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। বিপরীতে মেয়াদপূর্তিসহ বিভিন্ন কারণে গ্রাহকদের ফেরত দেওয়া হয়েছে ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকা। বিক্রির অর্থ থেকে মূল টাকা ফেরত বাদ দেওয়ার পর যা থাকে, সেটিই নিট বিক্রি হিসেবে ধরা হয়।

গত অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ২৪ হাজার ৪৩২ কোটি ৬৫ লাখ টাকার। তখন মূল টাকা ফেরত দেওয়া হয়েছিল ২২ হাজার ৪৩২ কোটি ৪৭ লাখ টাকা। ফলে নিট বিক্রি দাঁড়িয়েছিল ২ হাজার ১৮ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ নতুন অর্থবছরের প্রথম প্রান্তিকে সঞ্চয়পত্রে বিনিয়োগের প্রবণতা আগের বছরের তুলনায় বেড়েছে।

বিশ্লেষণে বলা হয়েছে, একসময় ব্যাংকে টাকা জমা রাখাকেই নিরাপদ সঞ্চয়ের প্রধান মাধ্যম মনে করতেন মানুষ। কিন্তু গত দেড় দশকে ব্যাংক খাতে ঋণের নামে বিপুল অর্থ আত্মসাৎ, ঋণ জালিয়াতি, অর্থ পাচার ও খেলাপি ঋণের বিস্তারের অভিযোগ উঠেছে। কয়েকটি ব্যাংকের আমানত ফেরত দিতে হিমশিম খাওয়ার ঘটনাও আস্থায় চিড় ধরিয়েছে। এর বিপরীতে সরকারের সঞ্চয়পত্রে বিনিয়োগকে তুলনামূলক নিরাপদ মনে করছেন অনেক গ্রাহক।