বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় গাজীপুরে নীতি সংলাপ অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দূষণমুক্ত নগরী গড়ার লক্ষ্যে দিনব্যাপী নীতি সংলাপ অনুষ্ঠিত হয়।

গাজীপুরে শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের ওপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব চিহ্নিতকরণের জন্য একটি নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এই সংলাপটি অনুষ্ঠিত হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এই আয়োজনে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি. রোজারিও। শিশু ফোরামের প্রতিনিধিরা এই সংলাপে বৃক্ষের চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম একটি তথ্যভিত্তিক উপস্থাপনায় পরিবেশ দূষণের কারণ ও শিশুদের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন। প্যানেল আলোচনায় জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, 'ব্যক্তি পর্যায়ে সৃষ্ট আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সামষ্টিক দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব।' একইভাবে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বায়ুদূষণ রোধে পর্যাপ্ত বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেন। ভাইস চ্যান্সেলর আরো জানান যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি জাতীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা পরিবেশ সুরক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে এই উদ্যোগে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। সংলাপ শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ দূষণের বিরুদ্ধে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণের মাধ্যমে গাজীপুর নগরীকে দূষণমুক্ত করার আহ্বান জানান।