সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী জিসানের লাশ ১৯ ঘণ্টা পর উদ্ধার

রোববার ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এনায়েতপুরে যমুনায় তলিয়ে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; রাজশাহী থেকে আসা ডুবুরি দল সোমবার সকালে লাশ উদ্ধার করে।

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জিসান গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুরে গোলামের হোটেলে খেতে আসেন। এ সময় যমুনা নদীতে গোসলে নামলে জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস দিনভর উদ্ধার অভিযান চালায়। সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় জিসানের লাশ উদ্ধার করা হয়। রাতেই সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল বলেন, খবর পেয়ে তাঁরা লাশ গ্রহণের জন্য চলে এসেছেন। এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ গ্রহণের জন্য পরিবারের সদস্যরা এসেছেন।