রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সাফিনা পার্ক লিমিটেডের সৌজন্যে চালু হলো স্পিডবোট সার্ভিস। পরীক্ষামূলকভাবে গোদাগাড়ী মডেল থানা ঘাট থেকে হাটপাড়া ঘাট ও রেলবাজার ঘাট পর্যন্ত বোট চলাচল শুরু হয়।
গোদাগাড়ী উপজেলা সদর ও চর আষাড়িয়াদহ ইউনিয়নের মাঝে রয়েছে পদ্মা নদী। ফলে চরবাসীকে জরুরি প্রয়োজনে—বিশেষ করে স্বাস্থ্যসেবা, প্রসূতি রোগী ও সাপে কাটা রোগীদের—সদরে পৌঁছাতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। প্রায় ১০ মিনিটের নদীপথ পাড়ি দিতে কখনো কখনো লাগে এক ঘণ্টারও বেশি সময়। নতুন স্পিডবোট সার্ভিস চালু হওয়ায় এ ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোদাগাড়ী মডেল থানা ঘাট এলাকায় স্পিডবোটের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। উদ্বোধনের সময় স্থানীয় জনগণ নতুন এই উদ্যোগ ঘুরে ঘুরে দেখেন।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “জরুরি পরিসেবা নিশ্চিতকরণে ও চর আষাড়িয়াদহ ইউনিয়নের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনে এই স্পিডবোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রাথমিকভাবে একটি স্পিডবোট দিয়ে সেবা চালু হলেও পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী আরও বোট সংযোজন করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। ফলে পদ্মা পারের চরবাসীর দ্রুত যোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক কাজ সহজ হবে।