জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্য দিয়েই মামলার বিচারকাজ শুরু হয়।
সূচনা বক্তব্যের পর মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আহমেদ আনিছ। জুলাই অভ্যুত্থানের সময় তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন; এখন একটি নির্মাণপ্রতিষ্ঠানে হিসাব কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
মামলার আসামিদের মধ্যে ফজলে করিম চৌধুরী ছাড়াও ফিরোজ, তৌহিদুল ইসলাম, আ. আজিজ ও দেবাশীষ পাল গ্রেপ্তার আছেন। রোববার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে হাছান মাহমুদ ও নওফেলসহ ১৭ আসামি পলাতক।
আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে তিনজনকে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে একই বছরের ১৮ জুলাই আরও তিনজনকে হত্যার কথা আছে। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার উল্লেখ রয়েছে।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, নানা কারণে তিনি এই মামলার বিচার শুরু করতে পারছিলেন না। তাঁর ভাষ্য, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল যে আসামিপক্ষকে কথা বলতে দেওয়া হয় না ও কাগজ দেওয়া হয় না এবং প্রতি তারিখেই আসামিপক্ষ নতুন দরখাস্ত নিয়ে আসে। তিনি জানান, আসামি ফজলে করিম চৌধুরীর আইনজীবীর পক্ষ থেকে রোববারও একটি আবেদন আনা হয়, যেখানে বলা হয়েছে সাক্ষীরা আইনজীবীকে গালাগালি করেছেন। প্রসিকিউটরের দাবি, সাক্ষীরাও অভিযোগ করেছেন যে তাঁদের হুমকি দেওয়া হয়েছে।
ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ সাংবাদিকদের বলেন, দেশ–বিদেশের বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাঁকে হয়রানি করা হচ্ছে। কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত তাঁকে হয়রানি করছে এবং ঢাকা শহরে তাঁকে নিয়ে পোস্টার লাগানো হয়েছে বলেও তিনি জানান।
অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার আগে আসামিরা নির্দোষ বলে বিবেচিত।