নওগাঁর সাপাহারে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) ভাইরাল নারী ফুটবল তারকাদের অংশগ্রহণে ‘প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচে মুখোমুখি হবে ঢাকা জেলা দল ও ঠাকুরগাঁও জেলা দল। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার আয়োজনে ম্যাচটি শুরু হবে শুক্রবার বিকেল ৩টায়, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। আয়োজক সূত্রে জানা গেছে, দুই দলের হয়ে সুমনা, জবা, তারা, হিরা, ঈসিতা ও রোজিনা শাহনাজসহ পরিচিত নারী ফুটবলাররা খেলবেন।
আয়োজকেরা জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা থেকে খেলার টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ প্রবেশমূল্য ৫০ টাকা এবং চেয়ারসহ বসে খেলা দেখার টিকিটের দাম ১০০ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে স্থানীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের। সভাপতিত্ব করবেন জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুর।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রীতি ম্যাচের মাধ্যমে নারী ফুটবলের প্রসার ঘটবে, নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ উৎসাহিত হবে। তাঁরা সাপাহার ও আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন।