শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জে ২০১৬ সালের তিন খুনের মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন

জমিজমার বিরোধে সিঙ্গাইরের গোবিন্দলে তিনজনকে হত্যার মামলায় ২৪ আসামির মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মানিকগঞ্জে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ঘটা ট্রিপল মার্ডার মামলায় ২৪ আসামির মধ্যে চার ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আটজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড। আরও দুই আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে এক বছর থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজন খালাস পেয়েছেন।

সরকারি কৌঁসুলি (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার জানান, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লাকে হত্যা করা হয়। নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আমিনুর রহমান ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় মোট ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়। ১০ বছর পর বিচার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় এসেছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন পিপি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান ও মেজবাউদ্দিন জানান, তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।