অপসারিত হওয়ার সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে যোগ দিয়েছেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে যোগদানের পর তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’
দুদক সূত্র জানিয়েছে, অপসারণ আদেশ প্রত্যাহার করে এদিন তাঁকে জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল করা হয়। দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুসারে শরীফ জ্যেষ্ঠতা এবং সব বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন। বিকেল সোয়া তিনটার দিকে তিনি যোগ দেন। চাকরিতে ফিরে তিনি কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আদালত, গণমাধ্যম ও দুদকের সব কর্মকর্তা-কর্মচারীসহ দুঃসময়ে পাশে থাকা সবাইকে ধন্যবাদ দেন তিনি।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে। দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪(২) অনুযায়ী তাঁকে ৯০ দিনের বেতন ও প্রযোজ্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুনে পটুয়াখালীতে বদলির আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের একটি ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছেন জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। তাঁর চাকরিচ্যুতির প্রতিবাদে সে সময় দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধনও হয়েছিল।
কোনো কারণ দর্শানো ছাড়া কর্মীকে অপসারণ-সংক্রান্ত বিধির বৈধতা নিয়ে এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট অপসারণের আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকে বাতিল ঘোষণা করে জ্যেষ্ঠতা ও সব বকেয়া সুবিধাসহ তাঁকে পুনর্বহালের নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল চেয়ে আবেদন করলেও পরে তা প্রত্যাহারের আবেদন করে। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত সেই আবেদন মঞ্জুর করলে পুনর্বহালের পথ খোলে।