শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার দাম আগের তুলনায় কমতে শুরু করেছে। তবে একই সময়ে বেড়েছে মোটা চাল ও চিনির দাম। বৃহস্পতিবার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে শীত নামতে শুরু করেছে; ঢাকাসহ সব এলাকায় পুরোপুরি শীত নামতে আরও ১৫-২০ দিন লাগতে পারে। সাধারণত শীত পুরোদমে শুরু হলে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকে এবং দাম কমে যায়। ভালো লাভের আশায় অনেক কৃষক আগাম সবজি চাষ করেন; এখন সেগুলোই বাজারে আসছে। আগাম সবজি বলে দাম কিছুটা বেশি, তবে সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে তাঁরা আশা করছেন।
বাজারে দুই সপ্তাহ আগে বড় আকারের ফুলকপি বিক্রি হয়েছিল ৬০-৭০ টাকায়; বৃহস্পতিবার তা ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে। নতুন আলুর দাম কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকা হয়েছে, তবে পুরোনো আলু কেজি মাত্র ২০-২৫ টাকা। কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে, কেজি ১২০ থেকে ১৩০ টাকা; আমদানি করা টমেটো ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দাম আগের মতোই স্থিতিশীল।
কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ১৯০-২০০ টাকায়। গত দুই সপ্তাহে দাম ২০ টাকা কমে এখন ১৭০-১৮০ টাকা। ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের ডজনও ১০ টাকা কমে ১৫০ টাকায় নেমেছে।
অন্যদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক সপ্তাহে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৫০-৫৮ টাকা হয়েছে। চিনির দামও কেজিতে ২ টাকা বেড়ে ১১০-১১৫ টাকায় উঠেছে।
কৃষি মার্কেটে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী তাজুল ইসলামের সঙ্গে। তাঁর বাজারের ব্যাগে ছিল একটি মাঝারি ফুলকপি ও আধা কেজি শিম, যা কিনতে খরচ হয়েছে ৬৫ টাকা—ফুলকপি ৩৫ টাকায় এবং শিম ৩০ টাকায়। আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে খরচ ১০০ টাকায় দাঁড়াত বলে তিনি জানান। নতুন টমেটো ও আলুর দাম বেশি হওয়ায় তিনি সেগুলো কেনেননি; তাঁর ভাষ্য, কিছুদিন পর দাম কমলে কিনবেন।