মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নির্ধারিত সময়ে বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রয়োজনে আইন আনার কথা জানালেন অর্থমন্ত্রী

সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গ্রাহকের টাকা অবৈধভাবে ব্যবহার করা কোম্পানিগুলোকে সম্পত্তি বিক্রি করে দাবি মেটাতে বাধ্য করা হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে পলিসিহোল্ডারদের বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও ব্যাপক অনিয়ম রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং তাতে দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ করেনি, তাদের জন্য আইডিআরএ ইতিমধ্যে সময়সীমা বেঁধে দিয়েছে।

মন্ত্রী জানান, অনেক কোম্পানি গ্রাহকদের অর্থ অবৈধভাবে ব্যবহার করে বিভিন্ন স্থানে জমি কিনেছে ও বিনিয়োগ করেছে। এখন সেই জমি বিক্রি করে গ্রাহকদের বীমা দাবি পরিশোধে তাদের বাধ্য করা হচ্ছে। সম্পদ বিক্রির মাধ্যমে পলিসিহোল্ডারদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান আছে বলেও তিনি জানান।

সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা. নাজমুন নাহার তাঁর প্রশ্নে বীমা কোম্পানিগুলোর সঙ্গে বারবার যোগাযোগ করেও সঞ্চিত অর্থ ফেরত না পাওয়া শত শত গ্রাহকের দুর্ভোগের কথা তুলে ধরেন। পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলামও এ বিষয়ে সম্পূরক প্রশ্ন করেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, নির্দেশনা পালনে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে প্রয়োজনে সরকার জাতীয় সংসদে আইনও আনবে। বীমা খাতে শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠায় আইডিআরএর মাধ্যমে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।