বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

টানা বৃষ্টিতে পুঠিয়ায় জমিতে ভিজছে কাটা ধান, পচন ও অঙ্কুরোদ্গমের শঙ্কায় কৃষকেরা

মৌসুমের শেষ সময়ে কয়েক দিনের বৃষ্টিতে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাঠে শুকাতে দেওয়া পাকা ধান ভিজে গেছে; ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ হয়নি বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মৌসুমের শেষ সময়ে ঘরে ফসল তোলার প্রস্তুতি চলছিল রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকদের। অনেকে মাঠ থেকে পাকা ধান কেটে জমিতেই শুকাতে দিয়েছিলেন। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই ধান ভিজে এখন চরম বিপাকে পড়েছেন তাঁরা।

জমিতে পড়ে থাকা কাটা ধান নিয়ে পচন, অঙ্কুরোদ্গম ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও জমিতে পানি জমে কাটা ধান ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় কৃষক শরিফুল ইসলাম ও উজ্জল জানান, হঠাৎ টানা বৃষ্টিতে ধান ভিজে যাওয়ায় তা শুকানো ও ঘরে তোলা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।

কৃষকদের দাবি, ধান ঘরে তুলতে দেরি হওয়ায় পরবর্তী ফসল রসুনসহ অন্যান্য ফসলের চাষও সময়মতো শুরু করা যাচ্ছে না। ফলে একদিকে ধানের ক্ষতির আশঙ্কা, অন্যদিকে পরের ফসলের আবাদ পিছিয়ে যাওয়ায় বাড়তি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা। ভেজা ধান দ্রুত শুকাতে না পারলে দানা অঙ্কুরিত হওয়া, পচন ধরা এবং ধানের স্বাভাবিক রং বদলে যাওয়ার মতো সমস্যা হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। এতে বাজারে ধানের দাম কমে যেতে পারে এবং সারা মৌসুমের উৎপাদন খরচ তুলতেও হিমশিম খেতে হবে।

কৃষকেরা দাবি করেছেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানের পরিমাণ দ্রুত নিরূপণ করে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার ব্যবস্থা করা হোক।

পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, চলতি বছর উপজেলায় ৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৬৮৪ মেট্রিক টন, সম্ভাব্য ফলন হেক্টরপ্রতি ৩ দশমিক ৭৬ টন। তাঁর ভাষ্য, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিল এবং দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কৃষক সেই পরামর্শ গুরুত্ব না দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টিতে কী পরিমাণ ধানের ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।