বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

ঢাবির সাম্প্রতিক উত্তেজনা এড়ানো যেত: স্থানীয় সরকার উপদেষ্টা

ছাত্রসংগঠনগুলোর আগাম রূপরেখা ও পারস্পরিক বোঝাপড়া থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল বলে মন্তব্য

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি এড়ানো যেত যদি ছাত্রসংগঠনগুলো আগে থেকেই পারস্পরিক চুক্তি ও রূপরেখায় একমত হতো—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “আমার মনে হয়, ছাত্রসংগঠনগুলো যদি আগে থেকেই বসে একটি চুক্তি বা বোঝাপড়ায় আসত, তবে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না।”

শনিবার বিকেলে রাজশাহীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জায়গায় সংস্কার চলছে। ছাত্ররাজনীতির ক্ষেত্রেও নতুন রূপরেখা নিয়ে একমত হওয়ার সুযোগ ছিল। “হল ও একাডেমিক এলাকায় সাংগঠনিক ছাত্ররাজনীতি চালু থাকবে কি না—এ বিষয়টি নিয়ে আগে আলোচনা হলে ছাত্ররাজনীতির প্রতি যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে, তা কমে যেত। এখানে ছাত্রসংগঠনগুলোর আরও পরিপক্বতা দেখানোর সুযোগ ছিল,” মন্তব্য করেন তিনি।

তবে বিশ্ববিদ্যালয় হলে ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

দিনের শুরুতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের ১২টি প্রকল্পের উদ্বোধন করেন এবং নাটোরে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন।