কিশোরগঞ্জ শহরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের বারান্দায় পরপর কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের নগুয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ কাপড়ে ঢাকা কয়েকজন ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দায় পেট্রল বোমা ছুড়ে মারেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। বোমা নিক্ষেপের পরপরই তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে; তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, রাত ১১টার দিকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রল বোমা ছোড়া হয়। এগুলো গ্রিলের ফাঁক দিয়ে বারান্দা পর্যন্ত আসে। বারান্দায় আগুন ধরে গেলেও কিছুক্ষণ পর তা নিভে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে এবং তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর নগুয়া এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সরকারি অফিস ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।