শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সিলেটে বিএনপির এমপির বাড়িতে হামলার দিন সন্ধ্যায় সাবেক আওয়ামী লীগ এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

দক্ষিণ সুরমার ধরগাঁও গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে ১৫০ থেকে ২০০ জন এসে আগুন দেয় বলে স্বজনদের অভিযোগ; পুলিশের দাবি, বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা হামলার পর শনিবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক এই এমপির বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাবিবুর রহমান পলাতক। বর্তমানে তাঁর বাড়িতে তত্ত্বাবধায়ক ছাড়াও স্বজনেরা থাকেন। স্বজনদের অভিযোগ, সন্ধ্যা ছয়টার দিকে ১৫০ থেকে ২০০ জন ওই বাড়িতে আসেন; তাঁরা ড্রয়িং রুম ভাঙচুর করেন এবং বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় এলাকার কিছু লোক দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া দিলে পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ঘটনার একাধিক ভিডিওতে বাড়ির উঠানে ছড়ানো চেয়ারে এবং রাস্তার কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে।

স্থানীয় একাধিক সূত্র বলছে, শনিবার ভোরে সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে ভোরে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। মাইকে ঘোষণা দিয়ে কিছু ব্যক্তি ওই মিছিলে হামলা চালালে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। তবে সাবেক এমপি হাবিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।