শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সব শিশু মানসম্পন্ন হামের টিকা পাচ্ছে না, টিকাদানের পরিসংখ্যানেও গলদ: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা

কোল্ড চেইন ও টিকাদানের হার নিয়ে প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা হাম নিয়ন্ত্রণে জরুরি ক্র্যাশ প্রোগ্রামের সুপারিশ করেছেন।

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না, আর টিকাদান হারের যে পরিসংখ্যান প্রচার করা হচ্ছে, সেটিও সঠিক নয়। হাম নিয়ন্ত্রণে সরকারকে জরুরি ভিত্তিতে বিশেষ কর্মসূচি (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিতে হবে বলে তাঁরা মত দেন।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধবিষয়ক এক সভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সভাটি ডেকেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি ওই দিন সন্ধ্যায় জরায়ু ক্যানসারের টিকা নিয়ে এক গোলটেবিল বৈঠকে সভার কথা জানান। তাঁর ভাষ্য, সভার গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের একটি ছিল টিকার মান; টিকার ‘কোল্ড চেইন’ বজায় থাকছে না।

সভায় উপস্থিত বিশেষজ্ঞদের বরাতে জানা গেছে, বাংলাদেশ নয়টি দেশ থেকে টিকা আনে এবং তা উড়োজাহাজে আসে; কিন্তু ঠিক তাপমাত্রায় টিকা আনা হয় কি না, তা কেউ পরীক্ষা করেন না। টিকাকেন্দ্রে টিকা পরিবহনের অনেক পাত্র পুরোনো ও তাপমাত্রা ঠিক রাখার অনুপযুক্ত। কিছু কেন্দ্রে কর্মীরা পাত্র থেকে টিকা বের করে খোলা জায়গায় রাখেন এবং চার-পাঁচ ঘণ্টা পর তা শিশুদের দেন; এ ধরনের কিছু ছবি সভায় দেখানো হয়।

পরিসংখ্যান নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষজ্ঞরা বলেন, ২০২০ সালে হাম-রুবেলার জাতীয় ক্যাম্পেইনের সময় অনেক শিশু টিকা পায়নি, আবার ২০২৪ ও ২০২৫ সালে রাজনৈতিক কারণ ও মাঠকর্মীদের ধর্মঘটে টিকাদান বাধাগ্রস্ত হয়; অথচ পরিসংখ্যানে উচ্চ হার দেখানো হয়েছে। একাধিক বিশেষজ্ঞের মতে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) দেওয়া পরিসংখ্যান কিছু ক্ষেত্রে সঠিক নয়; টিকাদান ১২১ শতাংশ হওয়ার কোনো যুক্তি নেই।

সভায় বলা হয়, হামে আক্রান্ত শিশুদের প্রায় ১৫ শতাংশের বয়স পাঁচ বছরের বেশি এবং তারা টিকার বাইরে ছিল। আক্রান্তদের ২২ শতাংশের বয়স ছয় মাসের কম, যাদের টিকা পাওয়ার বয়সই হয়নি। সভায় অপুষ্টি ও শিশুদের ভিটামিন ডির ঘাটতি নিয়েও আলোচনা হয়। উপস্থিত বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ।