সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। ধর্ম মন্ত্রণালয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, আর সৌদি আরবের পক্ষে ছিলেন হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দেশের ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বাড়ানো এবং হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে বৈঠকটি হয়। বাংলাদেশের মন্ত্রী হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য অব্যাহত সহযোগিতার কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর জোর দেন তিনি।
সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন এবং হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বিশেষ করে কোনো দেশ তাদের বরাদ্দ করা হজ কোটা পূরণ করতে না পারলে বা পুরোপুরি ব্যবহার করতে ব্যর্থ হলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন সৌদি মন্ত্রী। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি বলেন, “বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।” হজ ব্যবস্থাপনা, ওমরাহ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও তিনি জানান।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং হজ শাখার কর্মকর্তারা।