নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী ধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যশোরে মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর রাজনৈতিক উত্তেজনা বিরাজ করেছে। একদিকে পাল্টা বিক্ষোভ মিছিল, অন্যদিকে পুলিশের রাতভর অভিযান ও গ্রেপ্তারের মধ্যে নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
শহরের নিউমার্কেট এলাকায় হেলমেট পরা অজ্ঞাত ব্যক্তিরা দুটি ককটেল ফাটিয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন একে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন। তাঁর ভাষ্য, কিছু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে; বাস্তবে এমন কিছু ঘটেনি। বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
পুলিশের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ কারণে শহর ও আশপাশে টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে নজরদারি বাড়ানো হয়েছে।
ধর্মঘটের প্রতিবাদে দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সলের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল দড়াটানা মোড় থেকে মনিহার স্মৃতিস্তম্ভ পর্যন্ত মিছিল করে। যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলও আলাদা মিছিল বের করে। দুটি মিছিলই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানা গেছে।
এদিকে শার্শা উপজেলায় যশোর-বেনাপোল রেললাইনে টায়ার জ্বালানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ কৃষক লীগের কর্মী আকরাম আলী (৫৪) ও আওয়ামী লীগের কর্মী আবদুর রশিদকে (৫৫) গ্রেপ্তার করেছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং গ্রেপ্তার দুজনের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া সোমবার রাত ও মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নাশকতার পৃথক মামলায় নিষিদ্ধ সংগঠনের চার কর্মীকে আটক করা হয়। পুলিশ জানায়, তাঁদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।