রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গাদের শুধু ফেরত পাঠানো সমাধান নয়, মিয়ানমারে নাগরিক অধিকারও নিশ্চিত করতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় নীতি সংলাপে আইনমন্ত্রী বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার সমস্যা নয় এবং নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করতে হবে।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার কোনো সমস্যা নয় উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকটবিষয়ক নীতি সংলাপ’–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই সমাধান নয়; সেখানে তাঁদের নাগরিক হিসেবে পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সংকটের সূত্রপাত মিয়ানমার থেকে, তাই সমাধানের মূল দায়িত্বও মিয়ানমারকে নিতে হবে। বিষয়টি শুধু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার নয় বলেও তিনি মন্তব্য করেন।

আসাদুজ্জামান জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও রোহিঙ্গা সংকট গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে স্থান পেয়েছে এবং ইউএনএইচসিআরসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা এ নিয়ে গভীর উদ্বেগ ও সম্পৃক্ততা প্রকাশ করেছে। অধিবেশনের ফাঁকে ইউএনএইচসিআরের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া বা তাঁদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সমাধান হতে পারে না। রোহিঙ্গাদের শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা, নাগরিকত্ব এবং নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান–সংক্রান্ত চ্যালেঞ্জের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমান বিশ্বে অন্যতম প্রধান শরণার্থী গ্রহণকারী দেশ। সীমিত অর্থনৈতিক সামর্থ্যের এ দেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গার অবস্থান অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন প্রায় ৮২ থেকে ৯০টি শিশুর জন্ম হচ্ছে বলেও তিনি জানান।