খুলনা নগরে মঙ্গলবার দিনভর কয়েকটি স্থানে গুলির ঘটনার পর রাতে দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। নিহত আবদুল হালিমের (৪৫) মাথা ও বুকে গুলি লেগেছিল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
আবদুল হালিম নগরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে জানা গেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে। কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর ঘনিষ্ঠ ছিলেন হালিম, তাঁর ঘেরের ব্যবসাও ছিল বলে জানা গেছে; এসব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। কারা কী কারণে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় রাত পর্যন্ত মামলা হয়নি।
এর আগে দিনের বেলাতেও নগরের কয়েকটি এলাকায় গুলির ঘটনা ঘটে। সদর থানা এলাকায় সকালে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, তবে কেউ হতাহত হননি। দুপুরে মজিদ সরণি এলাকার একটি রেস্তোরাঁ চাঁদা দাবির হুমকির পর বন্ধ থাকে। পুলিশের আশ্বাসে সেটি খোলার পর বেলা তিনটার দিকে মোটরসাইকেলে আসা দুজন একটি গুলি ছুড়ে পালিয়ে যায়। সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার হুমায়ূন কবির জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং সেখানে পুলিশের টহল রয়েছে। আড়াইটার দিকে লবণচরায় এক পরিবহন ব্যবসায়ীর বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়; জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত নগরে ৪১টি হত্যার ঘটনা ঘটেছে। জেলাসহ এ সংখ্যা ৮১।