জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সেই আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে যাঁরা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়ছে, কাজের অগ্রগতিও হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাসের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। আখতার আহমেদের ভাষ্য, অনির্দিষ্টকাল আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রাখার সুযোগ নেই, তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম জানান, অনলাইনে এনআইডির আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য খুদে বার্তা পাঠানো হয় কিংবা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তাঁর আবেদন বাতিল করা হবে। তাঁর ভাষায়, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়।
ইসি সচিব ও পরিচালক দুজনই জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে কারও এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে না। আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন।
সাইফুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসিতে ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তির অপেক্ষায় আছে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন। বাকি আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে।