ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া (১৯)। তাঁদের বাড়ি রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকায়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুজনের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, ঢাকা থেকে কয়েকটি মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে মাওয়ার দিকে যাচ্ছিলেন রাফি ও জান্নাতুল। তাঁদের বহনকারী মোটরসাইকেলটি সমষপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি ধাক্কা দেয়। এতে দুজন সড়কে ছিটকে পড়েন এবং পরে গাড়িটি তাঁদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেলকে যে গাড়ি ধাক্কা দিয়েছে, সেটির খোঁজ চলছে। নিহত তরুণ-তরুণীর মধ্যে সম্পর্কের বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।