রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী: আটজন চিকিৎসাধীন, পুরস্কারের আশ্বাস

সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেকোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে তিনি সেখানে যান। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করতে বদ্ধপরিকর।

মন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতায় আহত আটজন পুলিশ সদস্য বর্তমানে সেখানে চিকিৎসাধীন। তাঁদের ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদরে এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হয়েও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। তাঁর ভাষ্য, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন। তবে ‘শ্রমিক নামধারী’ কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানিদাতারা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। এসব অপচেষ্টা কখনো সফল হবে না বলেও মন্ত্রী মন্তব্য করেন।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনার নির্দেশ দেন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে নেওয়া প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের তাগিদ দেন। হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম মন্ত্রীকে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।