বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে মনোনীত ঘানার অনাবাসিক হাইকমিশনার এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তিনি এ আহ্বান জানান। বিষয়টি রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন।
এর আগে সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার দেয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং তথ্যপ্রযুক্তি সেবা আমদানি বাড়াতে ওই দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন ও রপ্তানি করে।
রাষ্ট্রপতি সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ নিবন্ধনের প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এ ছাড়া প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান তিনি।