রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে ১১৭ বস্তা সার মজুত রাখার অভিযোগে কনক কুমার দত্ত নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের থানাপাড়া এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাড়ি থেকে মোট ১১৭ বস্তা সার উদ্ধার করা হয়। এর মধ্যে ৬০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ), ৩০ বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট), ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট)। পরে সার ব্যবস্থাপনা আইনে তাঁকে অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও মোনাব্বর হোসেন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত রাখার দায়ে এ দণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার করা সার সরকারি গুদামে জমা দেওয়ার জন্য তিনি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।
ইউএনও আরও বলেন, সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অবৈধভাবে সার মজুত রাখলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।