বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীর ১৮ হাজার ৩৯০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রবি মৌসুমে বিনামূল্যে পাচ্ছেন বীজ ও সার

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে এই সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৮ হাজার ৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ। বিশেষ অতিথির আসনে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকেরাও উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় চলতি রবি মৌসুমে পর্যায়ক্রমে এই কৃষকদের সহায়তা দেওয়া হবে। সরিষা, মসুর, খেসারি ও অড়হর চাষের জন্য প্রত্যেক কৃষককে প্রয়োজনীয় বীজ দেওয়া হচ্ছে। বীজের সঙ্গে থাকছে ডিএপি ও এমওপি সার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে। পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় আনা সম্ভব হবে। এতে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বাড়তেও ভূমিকা রাখবে বলে তাঁরা মত দেন।

কৃষি অফিস সূত্র জানিয়েছে, বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে চলবে।