শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে অবশেষে হলো আমির হামজার মাহফিল, স্থগিত মাদকবিরোধী সমাবেশ

একই সময়ে একই স্থানে মাহফিল ও মাদকবিরোধী সমাবেশের ডাক নিয়ে সৃষ্ট উত্তেজনা জামায়াত ও বিএনপির নেতাদের সমঝোতায় কেটেছে।

ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল ও মাদকবিরোধী সমাবেশ আয়োজন নিয়ে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে শুক্রবার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে একই সময়ে মুফতি আমির হামজার মাহফিল এবং ‘সচেতন মহলের’ ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতা-কর্মীরা শহরে মোটরসাইকেল শোভাযাত্রাও করেন।

পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জামায়াত ও বিএনপির নেতাদের নিয়ে থানায় বৈঠকে বসেন। বৈঠকে দুই পক্ষের সমঝোতায় রাজনৈতিক বক্তব্য পরিহার করে মাহফিল আয়োজন এবং মাদকবিরোধী সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী।

পাল্টাপাল্টি কর্মসূচির কারণে দুই দিন ধরে এলাকায় যে উত্তেজনা ছিল, প্রশাসনের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতার পর তা কেটে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।