শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা, ভোরে তেতলী এলাকায় ঘটনা

সিলেট-৩ আসনের সংসদ সদস্যের বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেছে; পুলিশ ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার ধারণা করছে।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বিএনপির এই সংসদ সদস্য স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন।

পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেছে। বাড়িতে থাকা চারজন নিরাপত্তাকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে দলীয় নেতা-কর্মীরা বাড়িতে ভিড় জমান।

এম এ মালেক জানান, ভোরে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে তিনি জানতে পারেন, পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী ও ছেলেও শব্দ শুনে বাইরে আসেন। তিনি জানতে পেরেছেন, হামলাকারীরা একটি লেগুনায় করে এসেছিল এবং পেট্রলবোমা নিক্ষেপ করেই পালিয়ে যায়।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, “এমন ঘটনা দুঃখজনক। যারা হামলা করেছে, তারা শেখ হাসিনার লোক। সংসদ সদস্য হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় সবাই যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারেন, সে জন্য কাজ করছি। এলাকায় দলীয় পরিচয়ে কোনো ভেদাভেদ করিনি। এরপরও এমন হামলার শিকার হতে হলো।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ঘটনার ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার বিষয়ে ধারণা করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও পেট্রলবোমা নিক্ষেপের একাধিক ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক মাহফিলে বলেন, যারা থানা, হাসপাতাল ও সংসদ সদস্যদের বাড়িঘরে আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে।