দিনাজপুরের হিলিতে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মোশারফ হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁদের দিনাজপুরের আদালতে পাঠিয়েছে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, বৃহস্পতিবার রাতে হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে আসার সময় থানার গেট থেকে তিনি কৌশলে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যান। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পিছু নিলেও তাঁকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় অভিযান চালিয়ে মোশারফকে আবার গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত আরও তিনজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকেও ধরা হয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার ভোর পর্যন্ত হিলি ও পাঁচবিবি এলাকায় অভিযান চালানো হয়।
এর আগে পালানো আসামির পাঁচবিবি থেকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছিল। নতুন তথ্য অনুযায়ী, ওই অভিযানে আরও চারজন ধরা পড়েছেন, মোট গ্রেপ্তার পাঁচজন।