রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বসুন্ধরার একটি স্থানে বায়ুর মান ‘বিপজ্জনক’ পর্যায়ে

রোববার সকালে রাজধানীর একিউআই ছিল ২০৬; বিশেষজ্ঞদের আশঙ্কা, এ মাসে বাতাস আরও দূষিত হতে পারে।

বায়ুদূষণে বিশ্বের প্রধান শহরগুলোর তালিকায় আজ রোববার সকালে তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১২৬টি প্রধান শহরের মধ্যে রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২০৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।

তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর, সেখানে একিউআই ২৬৩। দ্বিতীয় স্থানে ছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, একিউআই ২৩২।

আইকিউএয়ারের ওয়েবসাইটে সকাল সোয়া ৮টার দিকে ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে সবচেয়ে খারাপ চিত্র ছিল বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে। সেখানে একিউআই ছিল ৩৯৭, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের। এ ছাড়া গুলশান লেক পার্কে ২৭৮, বারিধারা লেকসাইডে ২৪৫, বারিধারা পার্ক রোডে ২৩০, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) কেন্দ্রে ২২১ এবং ইস্টার্ন হাউজিংয়ে ২১২ রেকর্ড করা হয়।

চলতি মাসে এখন পর্যন্ত ঢাকার বাতাস এতটা খারাপ হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এ মাসে বায়ুদূষণ আরও বাড়তে পারে।

একিউআই ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয় এবং সাধারণ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্রের সমস্যা, হৃদ্‌রোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্তদের ঝুঁকি সবচেয়ে বেশি।

আইকিউএয়ারের পরামর্শ হলো—বাইরে শরীরচর্চা এড়িয়ে চলা, ঘরের দরজা-জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে ভালো মানের মাস্ক ব্যবহার করা। সম্ভব হলে ঘরের ভেতরে বায়ু পরিশোধক যন্ত্র ব্যবহার করাও উপকারী।