যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব সীমিত করার নতুন নির্বাহী আদেশ কার্যকর করায় বাধা দিয়েছেন দ্বিতীয় একজন ফেডারেল বিচারক। বুধবার ওয়াশিংটন ডিসির ফেডারেল জেলা আদালতের বিচারক ক্রিস্টোফার কুপার ৬৭ পৃষ্ঠার রায়ে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন।
আগস্টে সই করা এই আদেশে জন্মগত নাগরিকত্বের যোগ্যতা সীমিত করার পাশাপাশি তথাকথিত ‘জন্ম পর্যটন’ লক্ষ্য করা হয়েছিল। জন্ম পর্যটন বলতে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়াকে বোঝানো হয়। আদেশে এমন শিশুদেরও লক্ষ্য করা হয়েছিল, যাদের বাবা বা মা কূটনৈতিক দায়মুক্তি ছাড়া বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন, অথবা যাঁদের একজন অভিভাবক ‘এলিয়েন এনিমি’ হিসেবে শ্রেণিবদ্ধ।
ক্লাস অ্যাকশন মামলাটি করা হয়েছিল সেই শিশুদের পক্ষে, যারা এই আদেশে নাগরিকত্ব হারাতে পারত। রায়ে বিচারক কুপার বলেন, রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং দেশটির আইনের অধীন থাকা শিশুদের জন্মগত নাগরিকত্বের নতুন কোনো ব্যতিক্রম তৈরি করতে পারেন না। তিনি বলেন, এ বিষয়ে সুপ্রিম কোর্ট দুবার নিশ্চিত করেছে যে এ দেশে জন্মানো সব শিশু মার্কিন নাগরিক, শুধু অল্প কিছু ব্যতিক্রম ছাড়া। নিষেধাজ্ঞা পররাষ্ট্র দপ্তর, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ও সামাজিক নিরাপত্তা প্রশাসনকে এই শিশুদের ক্ষেত্রে আদেশ কার্যকর করতে নিষেধ করেছে।
বাদীপক্ষের আইনজীবী, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) কোডি ওয়োফসি বলেন, ট্রাম্পকে মেনে নিতে হবে যে জন্মগত নাগরিকত্বই দেশের আইন। তাঁর ভাষ্য, সুপ্রিম কোর্ট ১৮৯৮ সালে এবং চলতি বছর আবারও এই অধিকার দুর্বল করার চেষ্টা প্রত্যাখ্যান করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে রায়কে ‘অ্যাক্টিভিস্ট বিচারকের’ আরেকটি সিদ্ধান্ত বলে অভিহিত করেন। তাঁর দাবি, আদেশটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ও বিশ্লেষণের সঙ্গে সংগতিপূর্ণ।
চলতি বছরের জুনে সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে রায় দেয়, ট্রাম্পের প্রথম আদেশ সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব ধারা লঙ্ঘন করেছে। এর আগে সেপ্টেম্বরে মেরিল্যান্ডের ফেডারেল বিচারক ডেবোরা বোর্ডম্যানও নতুন আদেশ আটকে দেন। ফলে এটি কার্যকর করতে প্রশাসনকে এখন দুটি রায়ই উল্টাতে হবে।