রাজধানীর গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারের জন্য চারটি ১৫ তলা আবাসিক ভবন নির্মাণ করেছে। এসব ভবনের মোট ৭৮৪টি ফ্ল্যাটে কর্মীদের পরিবার থাকার সুযোগ পাবে। গ্যাস সংযোগ ও ফ্ল্যাট বরাদ্দের কাজ শেষ না হওয়ায় এখনো হস্তান্তর করা হয়নি; ডিএনসিসির লক্ষ্য সাড়ে তিন মাসের মধ্যে তা বুঝিয়ে দেওয়া।
ভবনগুলোর মধ্যে ডব্লিউ-২, ডব্লিউ-৩ ও ডব্লিউ-৪ নম্বর ভবনের প্রতিটি তলায় ১৬টি করে মোট ৬৭২টি ফ্ল্যাট রয়েছে। ডব্লিউ-৫ নম্বর ভবনের প্রতিটি তলায় আটটি করে মোট ১১২টি ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫৬৫ বর্গফুট। এতে দুটি শোয়ার ঘর, শিশুদের জন্য আলাদা একটি ঘর, রান্নাঘর, শৌচাগার, গোসলখানা এবং ড্রয়িং ও ডাইনিংয়ের জায়গা আছে। বড় শোয়ার ঘরের সঙ্গে রয়েছে বারান্দা। মেঝেতে টাইলস, দেয়ালে রং, বৈদ্যুতিক বাতি ও পাখা লাগানোসহ প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। ১৬ ফ্ল্যাটের ভবনে ছয়টি করে ও আট ফ্ল্যাটের ভবনে দুটি করে লিফট আছে।
ঢাকা উত্তরে পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা প্রায় ২ হাজার ৪০০। এর মধ্যে গাবতলীতেই পরিবারসহ প্রায় ৮০০ কর্মী থাকেন। একসময় তাঁরা গুলশানে থাকতেন; ২০০৫ সালে তাঁদের গাবতলীতে সরিয়ে নেওয়া হয়।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, চাকরির বয়স ও অন্যান্য যোগ্যতা বিবেচনায় কারা ফ্ল্যাট পাওয়ার উপযুক্ত, তা যাচাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বরাদ্দের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড ঠিক করা হবে, যাতে কেউ বঞ্চিত বোধ না করেন। কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্টের কাজ আলাদা দরপত্রে চলছে; বাকি কাজ ও বরাদ্দের তালিকা চূড়ান্ত করতে আরও অন্তত তিন থেকে সাড়ে তিন মাস লাগতে পারে। প্রকল্পটি প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনাও আছে বলে তিনি জানান।
পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি রাজু গাজী বলেন, বরাদ্দ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তাঁরা শুনেছেন, চাকরির বয়স বেশি যাঁদের, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে সংগঠনের দাবি, গুলশান থেকে সরিয়ে যাঁদের গাবতলীতে আনা হয়েছিল, ওই ভবনে যেন তাঁদেরই ফ্ল্যাট দেওয়া হয়। কেন্দ্রীয় প্ল্যান্ট থেকে প্রতিটি ফ্ল্যাটে আলাদা সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে বলে ডিএনসিসি জানিয়েছে; ফলে বাসিন্দাদের আলাদাভাবে সিলিন্ডার কিনতে হবে না।