বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাশিয়ার সাইবেরিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত

কেমেরোভো অঞ্চলে এএন-১২ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কথা বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি এএন-১২ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে রুশ গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৭ বলা হচ্ছিল, পরে মন্ত্রণালয় সেটি সংশোধন করে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানটি নির্ধারিত ফ্লাইটে ছিল এবং জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। ‘ক্রুসহ বিমানে ১৯ জন ছিলেন, সবাই প্রাণ হারিয়েছেন’—এ কথা জানিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

রুশ বিমানবাহিনীর একটি কমিশন দুর্ঘটনার পরিস্থিতি নির্ণয়ে ঘটনাস্থলে কাজ করছে বলে মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানানো হয়েছে।

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনাটি আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে ঘটেছে। এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, বিমানটি আগুন ধরা অবস্থায় তীব্রভাবে নিচে নেমে আসে এবং মাটিতে আঘাত হানার পর বিস্ফোরিত হয়।

কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে এটিকে ‘বিমান দুর্ঘটনা’ বলে উল্লেখ করেন এবং জানান, তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। পরে ভিডিও বার্তায় তিনি বলেন, বিমানটি ওই অঞ্চল দিয়ে যাচ্ছিল এবং সেখানেই বিধ্বস্ত হয়েছে। গভর্নরের প্রকাশ করা ভিডিওতে ঘটনাস্থলে অনেক দমকল ও অ্যাম্বুলেন্স দেখা গেছে।

বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং আরোহীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।