দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টেস্ট চলাকালে আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের দায়ে বাংলাদেশের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির লেভেল–১ লঙ্ঘনের দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য প্রযোজ্য আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। এই ধারা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত। জরিমানার পাশাপাশি তাঁর শৃঙ্খলা–রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।
ঘটনাটি ঘটে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ তখন বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং দাবি করেন, আরও আগেই খেলা থামানো উচিত ছিল। আইসিসির ভাষ্য অনুযায়ী, এ সময় তিনি আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তির প্রস্তাব দেন, যা হৃদয় মেনে নেন। তিনি নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ পর্যায়ের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার, আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা; সঙ্গে এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হতে পারে।
ওই টেস্টে হৃদয় ১৩৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে হেরেছে।