শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে উঠে ১১ হাজার ভোল্টের খুঁটিতে আটকে পড়েন যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের ডান পাশের অনেকটা পুড়ে যাওয়া অজ্ঞাতপরিচয় যুবককে ফায়ার সার্ভিস নামিয়ে আনে; হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের খুঁটিতে ট্রান্সফরমার চুরি করতে উঠে আটকে পড়েছিলেন এক যুবক। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে নামিয়ে আনেন। বৃহস্পতিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন মিলে একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। তাঁদের একজন খুঁটিতে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির ওপরেই আটকে যান। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর; তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা সুলতান শেখ বলেন, রাত ১০টার দিকে তাঁরা খুঁটির ওপর একজনকে আটকে থাকতে দেখেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে যায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে উদ্ধার অভিযান শুরু হয়।

মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা খাইরুল আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং দেড় ঘণ্টার চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের ডান পাশের অনেকটা অংশ পুড়ে গেছে। উদ্ধারের পর তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এলাকাটি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের আওতাধীন। অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শান্তনু রায় জানান, খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে যায় এবং দিবাগত রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকাজের সময় ১১ হাজার ভোল্টের লাইনের বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের চুরি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি কেন খুঁটিতে উঠেছিলেন, তা তদন্ত করে দেখা হবে।