শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

নিকডু ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিপিপি ডায়ালাইসিস সেবা বন্ধের আশঙ্কা, ৫০০ রোগী অনিশ্চয়তায়

২৯ নভেম্বর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে; চুক্তি নবায়ন বা বিকল্প ব্যবস্থার দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রোগী ও স্বজনেরা।

রাজধানীর জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় চলা ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৯ নভেম্বর এ সেবা পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এতে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৫০০ দরিদ্র ও অসচ্ছল কিডনি রোগীর নিয়মিত ডায়ালাইসিস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সেবা সচল রাখা ও চুক্তি নবায়নের দাবিতে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করেন রোগী ও তাঁদের স্বজনেরা। ‘ডায়ালাইসিস সেন্টার (পিপিপি) রক্ষা ও রোগী কল্যাণ কমিটি’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তাঁদের আশঙ্কা, বিকল্প ব্যবস্থা না করে সেন্টার দুটি বন্ধ করে দিলে নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল রোগীদের জীবন চরম ঝুঁকিতে পড়বে। তাঁদের ভাষ্য, সরকারি হাসপাতালে ডায়ালাইসিসের সুযোগ সীমিত এবং সেখানে সেবার মান নিয়েও নানা সমস্যা আছে। তাই পিপিপি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে অথবা বিকল্প কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সেবাটি চালু রাখা প্রয়োজন বলে তাঁরা মনে করেন।

কিডনি রোগীর স্বজন মো. লুৎফুর রহমান রিপন লিখিত বক্তব্যে বলেন, সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা নেওয়ার কথা বলা হলেও বাস্তবে রোগীদের নানা সমস্যায় পড়তে হয়। মুমূর্ষু রোগীদের চিকিৎসা যেন বন্ধ না হয়, সে জন্য রোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।