সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

রাজশাহীর বাগমারায় বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলার আসামি সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর বাগমারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভবানীগঞ্জ পৌরসভা মহিলা লীগের সভাপতি মমতাজ আক্তার বেবী, বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লতিফ, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, গোয়ালকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর সরকার, শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইনতাব আলী ওরফে ইনতাজ এবং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছে। এর মধ্যে মমতাজ আক্তার বেবীর বিরুদ্ধে বাগমারা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ একাধিক মামলা আছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও ফৌজদারি মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনের চোখে অভিযুক্ত ব্যক্তিরা আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে গণ্য হন।