সরকারি দপ্তরে বছরের পর বছর ঘুরেও প্রতিকার না পেয়ে নিজেদের অর্থ ও শ্রমে সেতু বানাতে নেমেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দারা। ছোট যমুনা নদীর ওপর সরু এই সেতুর নির্মাণকাজ শুরু হলেও অর্থ সংকটে মাঝপথে থমকে গেছে। কাজ শেষ করতে এখন সরকারি সহযোগিতা চাইছেন গ্রামবাসী।
উপজেলার বাগজানা ও আটাপাড়া সেতুর দক্ষিণে রতনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। নদীর দুই পাড়ে ঘনবসতি ও কৃষকদের ফসলি জমি রয়েছে। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে ওপারে যাতায়াত, ফসল আনা-নেওয়া এবং বাজারঘাটে যেতে গ্রামবাসীকে দীর্ঘ পথ ঘুরতে হয়, এতে সময় ও অর্থ দুটিই খরচ হয়।
স্থানীয়দের ভাষ্য, স্বাধীনতার পর থেকেই এই সমস্যা চলছে। সমাধানের জন্য ইউপি সদস্য শফিকুল ইসলামসহ এলাকাবাসী বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে ধরনা দিয়েও কোনো বরাদ্দ পাননি। শেষ পর্যন্ত গ্রামের মানুষ নিজেরাই চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে কংক্রিটের পিলার বসিয়েছেন এবং তার ওপর বাঁশ ও কাঠের কাঠামো দিয়ে চলাচলের ব্যবস্থা করছেন। তবে অর্থাভাবে কাজ এখনো অসমাপ্ত।
রতনপুর গ্রামের কৃষক কেরামত আলী বলেন, টাকার অভাবে তাঁরা কাজ শেষ করতে পারছেন না; সরকার একটু সহযোগিতা করলে দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট দূর হতো। এলাকাবাসী প্রত্যাশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে অসমাপ্ত সেতুটি সম্পন্ন করতে আর্থিক সহায়তা দেবে।