বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

sunk
ছবি: পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে লালপুর উপজেলার নওপাড়া গ্রামসংলগ্ন রাজশাহীর বাঘা উপজেলার কড়ালী নওসারা (নওপাড়া) ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরিদ (১২) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানি (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার নওপাড়া হাজী আফছার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম আল-আমিন হোসেন দুপুরে প্রায় ১০-১২ জন ছাত্রকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে যান। সাঁতার কাটার এক পর্যায়ে ফরিদ ও রাব্বানি পানির গভীরে চলে যান এবং তলিয়ে যান।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ, লালপুর ফায়ার স্টেশন এবং রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

লালপুর ফায়ার স্টেশনের টিম লিডার লতিফুল বারি জানান, লালপুর ফায়ার স্টেশন ও রাজশাহীর ডুবুরি দলের সমন্বিত তৎপরতায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার সম্ভব হয়েছে।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর এ অংশে স্রোত প্রবল এবং পানির গভীরতা বেশি হওয়ায় প্রতি বছরই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা ঝুঁকিপূর্ণ ঘাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।