বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, পেট্রল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা

চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পরপর দুটি ককটেল ফাটানো হয়েছে; কেউ হতাহত হননি।

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়। তবে ঘটনায় কেউ হতাহত হননি।

চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন বলেন, মঙ্গলবার গভীর রাতে চৌদ্দমাথা এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ হয়। তিনি এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন। তাঁর দাবি, সপ্তাহখানেক আগেও এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছিলেন। এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বের হয়ে তাঁরা বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন।

গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।