বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপিপন্থী) মনোনীত প্যানেল সবক’টি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয় বগুড়ার গওহর আলী বার ভবনে। মোট ৮৮৯ জন ভোটার ভোট দেন।
ফলাফল অনুযায়ী সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান ৬৭৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মো. রেজাউল বারী তারা ৬৪৪ ও মো. রহমতুল বারী তালুকদার ৬১২ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. ফারুক আহমেদ ৫৮৪ ও আ. ন. ম. বজলুর রশীদ (শাহীদ) ৫৪৯ ভোট পেয়ে জয়ী হন।
অন্যান্য পদে লাইব্রেরি সম্পাদক হিসেবে মো. আশাবুদজামান আশিব ৫৯৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে এ. কে. এম আকিল আহাম্মেদ মোমিন ৪২৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহহেল কাফী ৫৯০ ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আল-আমিন (রাসেল) ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে এনামুল হক, মো. খায়রুল আলম, অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন, অ্যাডভোকেট সুলতানা খাতুন ও মো. সেলিম রানা নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী মো. রিয়াজ উদ্দিন ১৫৯ ভোট এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. সিরাজুল হক ১৫০ ভোট পেয়েছেন। ওই প্যানেলের ক্রীড়া সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. বাবুল রহমান ৩৮৮ ভোট পেয়ে তুলনামূলক ভালো ফল করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব বলেন, সবাই যেন একটি পরিবারের মতো সহযোগিতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা নিয়ে পেশা পরিচালনা করতে পারেন, সেটাই তাঁদের লক্ষ্য। তিনি ২০২৭ সালকে বগুড়া বারের উন্নয়নের বছর হিসেবে দেখতে চান। নির্বাচনের পর রাতেই জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীনসহ নেতারা বিজয়ী প্যানেলকে শুভেচ্ছা জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও অভিনন্দন জানিয়ে বলেন, এই জয় আইনজীবী সমাজের আস্থার প্রতিফলন।