বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু চার দিনের পর্যটন মেলা ও ফুড ফেস্টিভাল, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে চতুর্থ ‘পর্যটন মেলা ও ফুড ফেস্টিভাল-২০২৬’ উদ্বোধন করেছেন উপাচার্য ড. ফরিদুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ ‘পর্যটন মেলা ও ফুড ফেস্টিভাল-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

গতকাল বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় কেক কেটে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকেরা জানান, মেলায় পর্যটন, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে নানা আয়োজন রাখা হয়েছে। রয়েছে বাহারি খাবারের স্টল, দেশীয় হস্তশিল্প, উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ ও সাংস্কৃতিক পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। চার দিনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, আলকাপ, গম্ভীরা, সংগীতানুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মোনতাসিম বিল্লাহ ফারুকী বলেন, ‘পর্যটন বিভাগে কেউ বেকার থাকে না।’ তাঁর ভাষ্য, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়; ট্যুর গাইড, মেন্টর, ট্যুর অপারেটর ও হসপিটালিটি অপারেটর হিসেবে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। তিনি বলেন, পর্যটনশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে। এ জন্য পর্যটনকেন্দ্রগুলোর সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি সেসব স্থানের ইতিহাস ও ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। এ ধরনের উদ্যোগে ট্যুরিজম বোর্ড সব সময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এতে তাঁরা সৃজনশীলতা, নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতা বিকাশের সুযোগ পান। তিনি বলেন, সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ও শিক্ষা, গবেষণা ও বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমে এ খাতের বিকাশে ভূমিকা রাখতে চায়।

সমাপনী বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাজেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যেন শুধু চাকরিপ্রার্থী না হয়ে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে নতুন কর্মসংস্থানও তৈরি করতে পারেন—সেই লক্ষ্য সামনে রেখেই বিভাগ কাজ করছে। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। বিশেষ অতিথির মধ্যে ছিলেন বোর্ডের পরিচালক ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং রাবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম ও প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মতিয়ার রহমান।